সবাই ‘পালকী’ নামেই ডাকে : স্নিগ্ধা
‘সবাই এখন আমাকে পালকী নামেই ডাকে। প্রথমে মনে করতাম, কিছুদিন পরই হয়তো এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি, বরং দিন দিন বেড়েই চলেছে। আমার আসল নাম হারিয়ে যাচ্ছে। তবে আমি পালকী নামটাও বেশ উপভোগ করছি। কারণ, অপরিচিত কারো সঙ্গে দেখা হলে তাঁরা আমাকে পালকী নামেই সম্বোধন করছেন।’ কথাগুলো বলেছেন দীপ্ত টিভিতে প্রচারিতব্য মেগা ধারাবাহিক নাটক ‘পালকী’র নামভূমিকায় অভিনয় করা অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। এখন তিনি পালকী নামেই বেশি পরিচিত।
বর্তমানে ‘পালকী’ নাটক ছাড়া স্নিগ্ধা আর কোনো নাটকে কাজ করছেন না। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পালকী নাটকে চুক্তিবদ্ধ হয়েছি। এটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করব না। তবে একক নাটকে কাজ করতে আপত্তি নেই। একক নাটকে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে অবশ্যই করব।’
শুধু অভিনয় নয়, ভালো নাচতেও জানেন স্নিগ্ধা। বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) দীর্ঘ পাঁচ বছর নাচ শিখেছেন। ছোটবেলা থেকেই ছিল তাঁর মিডিয়ার প্রতি আগ্রহ। তাই ২০০৮ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেরা একাদশে স্থান করে নেন স্নিগ্ধা। এর পর বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেন তিনি।
শুধু নাটক নয়, ভবিষ্যতে চলচ্চিত্রেও কাজ করতে চান বলে জানান স্নিগ্ধা মোমিন।


নাইস নূর