কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে জ্যোতিকা জ্যোতি
সমাজে সচেতনতা তৈরির জন্য অসীম গোমেজ নির্মাণ করেছেন নাটক ‘সাইবার ফোক’। নাটকটিতে কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এখানে তাঁর চরিত্রের নাম তনু। উদ্দীপন প্রামাণ্যচিত্রের জন্য নির্মিত বিশেষ নাটকটি আজ রোববার রাত ৯টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
‘সাইবার ফোক’ নাটকের গল্পে দেখা যাবে, তনু (জ্যোতি) নিয়মিত কলেজে ক্লাস করতে যায়। তনু দেখতে অনেক সুন্দর থাকে। তাই গ্রামের সবাই তনুকে সুন্দরী মেয়ে বলেই ডাকে। একসময় তনু ভাবতে শুরু সে আসলেই অনেক সুন্দর। তাই সে স্বপ্ন দেখে একদিন নায়িকা হবে। কিন্তু হঠাৎ করেই বন্ধুদের কথায় ইয়াবা খেতে শুরু করে তনু। ধীরে ধীরে একসময় ইয়াবা বিক্রির ব্যবসায় জড়িয়ে পড়ে সে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
নাটকটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘সাইবার ফোক নাটকটির গল্প বাস্তবধর্মী। আমাদের সমাজে কলেজ পড়ুয়া অনেক মেয়ে এ ধরনের ভুল কাজ করে থাকে। নাটকটি দেখলে অনেকেই নিজেদের ভুল বুঝতে পারবেন।’
‘সাইবার ফোক’ নাটকের মতো আরো কিছু নাটকে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে বলে জানান জ্যোতিকা জ্যোতি।

ফিচার ডেস্ক