ইন্টারনেটে পর্নো ছাড়া কিছু দেখি না
ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক রাম গোপাল ভার্মা। দৌড়, শুল, রঙ্গিলা, কোম্পানি, ভূত, সত্য, সরকারসহ জনপ্রিয় ও নন্দিত ছবি রয়েছে তাঁর ঝুলিতে। জিতেছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
আগামী ২৭ মে মুক্তি পেতে যাচ্ছে এই পরিচালকের নতুন ছবি বীরাপ্পন। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে প্রচার-প্রচারণায় মেতেছেন সংশ্লিষ্টরা। এই প্রচারের অংশ হিসেবেই একটি চ্যাট সেশন বা অনলাইন ব্যবহারকারীদের জন্য ফেসবুকে সরাসরি প্রশ্নোত্তর পর্বে রাম গোপালকে আমন্ত্রণ জানায় ভারতের জনপ্রিয় অনলাইন পোর্টাল স্কুপহুপ ডটকম।
ছবি মুক্তিকে উপলক্ষ করে জনপ্রিয় একজন পরিচালককে চ্যাট সেশনের জন্য আমন্ত্রণ জানানো যেতেই পারে।
এই পর্যন্ত সব ঠিক ছিল। গোলটা বাধল এরপর। চ্যাট সেশনে অংশ নিয়ে রাম গোপাল বলে ফেললেন যে, সেদিনই প্রথম স্কুপহুপের নাম শুনেছেন তিনি। নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী হলেও শুধু পর্নো ছবি দেখা ছাড়া আর কোনো কাজেই ইন্টারনেট ব্যবহার করেন না তিনি। তাই স্কুপহুপ জিনিসটা কী সে সম্পর্কে কোনো ধারণাই নেই তাঁর।
শুধু পর্নো দেখা সম্পর্কে এই সরল স্বীকারোক্তি নয়, যেদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন রাম গোপাল সেদিন থেকেই তাঁর করা টুইট বা মন্তব্য চমকে দিয়েছে সবাইকে। সবসময়ই সাহসী বক্তব্যের জন্য বিখ্যাত এই পরিচালক। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার বা কথোপকথন সবখানেই সবার চেয়ে আলাদা আর সাহসী কথা বলেছেন রাম।
তাই সম্প্রতি স্কুপহুপের সঙ্গে এই চ্যাট সেশনেও এর ব্যতিক্রম হলো না। অকপটে স্বীকার করে রাম গোপাল ভার্মা বললেন, ‘আমি আজকের আগে কখনোই স্কুপহুপের নাম শুনিনি। পর্নো ছবি ছাড়া ইন্টারনেটে আমি আর কিছুই দেখি না। বীরাপ্পন ছবির প্রচারের জন্যই এই বিখ্যাত ওয়েবসাইটটির মুখোমুখি হয়েছি আমি। সাধারণত আমি কাউকে শুভ কামনা জানাই না। কারণ আমি মনে করি শুভকামনা জানানোর ফলে কারো জীবনে কোনো পরিবর্তন হয় না। সেজন্য শুভ কামনা জানিয়ে আমি আমার সময় নষ্ট করি না। তাই আপনাদেরও উচিত আমার কথা শুনে নিজের সময় নষ্ট না করা।’
এরপরই মাইক্রোফোনটি খুলে ফেলেন রাম গোপাল ভার্মা। অর্থাৎ শেষ হয়ে যায় তাঁর বীরাপ্পন ছবির প্রচারকাজে অংশ নেওয়া স্কুপহুপের চ্যাট সেশনটি।

অনলাইন ডেস্ক