নজরুল জয়ন্তীতে এনটিভির বিশেষ আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী আগামী ১১ জ্যৈষ্ঠ ১৪২৩, ২৫ মে বুধবার। এ উপলক্ষে এনটিভিতে দিনব্যপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নজরুলের লেখা গল্পের নাটক তো রয়েছেই। এ ছাড়া সংগীতানুষ্ঠানের পাশাপাশি সরাসরি কিছু অনুষ্ঠান প্রচার করা হবে। চলুন জেনে নেওয়া যাক, নজরুল জয়ন্তীতে কী কী থাকছে এনটিভিতে।
বিশেষ তথ্যচিত্র ‘বাংলাদেশের নজরুল’
ভোর ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ তথ্যচিত্র ‘বাংলাদেশের নজরুল’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- সেলিনা হোসেন, নজরুল গবেষক অধ্যাপক আবুল কালাম আজাদ ও অধ্যাপক মুস্তাফা নুর উল ইসলাম।
বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছ চিরদিন’
ভোর ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছ চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।
বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’
দুপুর ১টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’। কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন- সূবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, সোহানা সাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘বাসায় প্রায় সময়ই একা হয়ে থাকেন বিভা। সঙ্গে থাকে ভাইয়ের মেয়ে শ্যামা। ও যখন বাসায় থাকে তখনই যেন একাকীত্ব থেকে মুক্তি পান। বস্তুগত অর্থে জীবনে অপূর্ণতা নেই তার, একাকীত্ব যেটুকু তা মানসিক। ভাইঝি শ্যামার জীবনে একটা সংকট তৈরি হয়েছে। হৃদয়ঘঠিত এক সমস্যার ঘূর্ণিপাকে পড়েছে শ্যামা। ছেলেটির নাম শিশির। শ্যামাকে পাওয়ার জন্য শিরিরের যে ব্যাকুলতা তা যেন শ্যামাকে স্পর্শ করে না। বিভা ভাবেন, জীবনের এই অপ্রাপ্তির বোঝা যে কত ভারী হতে পারে এই বয়সে এসে বুঝছে না শ্যামা। নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর, নির্ঘুম রাত্রিগুলোর ভেতর দিয়ে এই তরুণ-তরুণীর সম্পর্কটি দেখেন বিভা।’
বিশেষ অনুষ্ঠান ‘নজরুল জয়ন্তী’
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নজরুল জয়ন্তী’। অনুষ্ঠানটি এনটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারাহ শারমিন। অনুষ্ঠানটিতে নজরুল বিষয়ে আলোচনা করবেন ড. আজফার হোসেন, নজরুলের কবিতার আবৃত্তি করবেন শিমুল মুস্তফা এবং নজরুলের গান পরিবেশন করবেন শিল্পী প্রিয়াংকা গোপ ও অলক সেন।
বিশেষ অনুষ্ঠান ‘নজরুল ভাবনা’
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নজরুল ভাবনা’। সাইফুল সাইফের প্রযোজনায় অনুষ্ঠানে নজরুল নিয়ে আলোচনা করেছেন- শিল্পী মোস্তফা জামান আব্বাসী, কবি আল মুজাহিদী এবং জয়নাল আবেদীন আজাদ।
শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান ‘আমরা সবাই রাজা’র বিশেষ পর্ব
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শিশু-কিশোরদের নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান ‘আমরা সবাই রাজা’র একটি বিশেষ পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটিতে তিনজন খুদে শিল্পী নজরুলের গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকী ছেত্রী।
বিশেষ নাটক ‘তবু আমারে দেব না ভুলিতে’
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তবু আমারে দেব না ভুলিতে’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘তবু আমারে দেব না ভুলিতে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, অপর্ণা ঘোষ, এ কে আজাদ সেতু, চৈতালী চৈতী, সুবহা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘আট বছর পর বিশেষ একটা কারণে দেশে ফিরেছে মাশফিক। একজন মানুষকে খুঁজে বের করতে হবে তাকে। এই খোঁজার মধ্য দিয়েই উঠে আসে আট বছর আগের বিশ্ববিদ্যালয় জীবন, বন্ধুত্ব, প্রেম, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গের চিরায়ত এক গল্প। কিন্তু স্মৃতির অলি-গলিতে মাশফিকের নতুন করে হাঁটার গল্পে থাকে নতুন উপলব্ধিও। জীবন আর সম্পর্ককে বুঝে ওঠার সে যাত্রায় কেউ কাউকে ভুলে যেতে দেয় না, কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে জীবনের সাথে।’

নাইস নূর