কুড়ি বছর পর আবারও তৌকীর-মৌসুমী
দুই দশক আগে ‘আড়াল’ নামে একটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন অভিনেতা তৌকীর আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। কুড়ি বছর পর আবারও এ দুই তারকাকে দেখা যাবে ‘বসন্ত মেঘ’ নামে একটি টেলিফিল্মে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘এই গল্পের প্রয়োজনেই তৌকীর ও মৌসুমীর মতো তারকাকে নিয়ে কাজ করতে হলো। তাঁদের অভিনয় নিয়ে আমার কিছু বলার নাই। দর্শক দেখলেই বুঝবেন, গল্পের সঙ্গে চরিত্রগুলো কেমন যায়। চলতি মাসের ৫ তারিখ থেকে আমরা কক্সবাজারে শুটিং করেছি টানা চার দিন। লোকেশন দেখে দর্শকের ভালো লাগবে। কারণ, একেবারেই নতুন ধরনের লোকেশন। এরই মধ্যে আমরা এডিটিংও শেষ করেছি। খুব তাড়াতাড়ি কোনো এক টিভিতে দেখানো হবে টেলিফিল্মটি।’
গল্প নিয়ে সাজিন বলেন, ‘টেলিফিল্মে আতিফ ও কানিজ স্বামী-স্ত্রী। তারা একটি প্রাইভেট ফার্মে কাজ করে। কিন্তু তাদের মধ্যে কিছু বিষয়কে কেন্দ্র করে অবিশ্বাস দানা বাঁধে। এর পর শুরু হয় পারিবারিক অশান্তি। এই অশান্তি মোড় নেয় ডিভোর্স পর্যন্ত। ডিভোর্স নেওয়ার পরদিন অফিসে যাওয়ার পরই অফিসের এমডি অফিসের কাজে তাদের কক্সবাজারে পাঠিয়ে দেয়। তারা পড়ে যায় বিপাকে। চাকরি হারানোর ভয়ে বসকে বলতেও পারে না, তারা এখন আর স্বামী-স্ত্রী নয়। কাজেই তারা একসঙ্গে যেতে বাধ্য হয়। এবং হোটেলে থাকেও একই রুমে।’
তৌকীর আহমেদ, মৌসুমী ছাড়াও টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন আরিফ হাসান, অধরা প্রিয়া, আইরিন প্রমুখ। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন ‘ফেইম ক্রিয়েটিভ প্রোডাকশন।’

মাজহার বাবু