রোমান্টিক গল্পের নাটক ‘আরশি’
মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ কিছু নাটকের নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি ‘আরশি’ শিরোনামের একটি নাটকেও নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকটিতে মেহজাবীনের বিপরীতে আছেন সজল। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত নাটকটি নিয়ে এনটিভি অনলাইনকে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, “এক মাসের কাজের বিরতির পর ‘আরশি’ নাটকটি নির্মাণ করলাম। সজলের সঙ্গে এর আগেও আমার কাজ হলেও মেহজাবীনের সঙ্গে ছিল এটা আমার প্রথম কাজ। সজল-মেহজাবীন দুজনই এতে দারুণ অভিনয় করেছেন। নাটকটির গল্প রোমান্টিক অবশ্যই। গল্পে গভীর ভালোবাসা রয়েছে।’
এক মাস কাজের বিরতির প্রসঙ্গ নিয়ে চয়নিকা চৌধুরী আরো বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির জন্য খুব মন খারাপ ছিল। বিশেষ করে গুলশানের জঙ্গিদের আক্রমণের কথা এখনও ভুলতে পারিনি। এরপর নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন নিয়েও ব্যস্ত ছিলাম। এখন আসছে ঈদের জন্য বেশ কিছু নাটক নির্মাণ করব বলে মনস্থির করেছি। ‘আরশি’র কাজ তো শেষ। সামনে আরো বেশ কিছু নাটকের শুটিং রয়েছে।”
বাণীচিত্র প্রযোজিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক চয়নিকা চৌধুরী।


নাইস নূর