প্রবাসী পাত্রের চরিত্রে নিলয়
মডেল-অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি প্রবাসী পাত্রের চরিত্রে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রবাসী পাত্র ও একটি চাঁদমুখ’। এখানে শোভন চরিত্রে অভিনয় করেছেন নিলয়। ইলোরা লিলিথের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকটিতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। এ ছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডেইজি আহমেদ, সঞ্জয় রাজ, মিমি আজমি, নোলক, অঞ্জলী সাথী, তানিয়া ঋতু প্রমুখ। নাটকটি ঈদের প্রথম দিন থেকে শুরু করে টানা ষষ্ঠ দিন পর্যন্ত বৈশাখী টেলিভিশনে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক এল আর সোহেল জানান, ঈদের ছুটিতে কানাডাপ্রবাসী শোভন একটি চাঁদমুখ মেয়ে বিয়ে করার উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসে। ঈদের দিন থেকে প্রতিদিন সে দেখতে থাকে চাঁদমুখ পাত্রী। একেক পাত্রী দেখা নিয়ে ঘটে বিচিত্র সব ঘটনা ও অভিজ্ঞতা। প্রথম দিন দেখতে যাওয়া মেয়েটি আবিষ্কার হয় ছিনতাইকারী গ্যাংয়ের সদস্য হিসেবে। দ্বিতীয় দিন যে পাত্রীকে দেখতে যায়, পাত্রীটি আসলে বন্ধুর স্ত্রী। ঘটকের মাধ্যমে পাত্রীটি আবিষ্কার হয় ১৮ বছরের নিচে, যার দুলাভাই তার বয়স লুকিয়ে তাকে বিয়ে দিতে চায়। অনিন্দ্যসুন্দরী মেয়ে নাচে-গানে পারদর্শী। আউট নলেজও অনেক ভালো, কিন্তু সেই মেয়েকে দেখতে গিয়ে হতে হয় বিয়ের সাক্ষী। এত যে মেয়ে এত যে চাঁদমুখ, এত যে ভালোলাগে কথা বলতে দিন শেষে কেন তার রেশ থাকে না। ব্যাকুল হয়ে ভাবে শোভন। প্রত্যেককেই চাঁদমুখ। কিন্তু চাঁদের যে মায়াময় বিভা, যে কোমল মাদকতা, তা না থাকলে কিসের চাঁদমুখ! শোভন তাই চাঁদমুখ খুঁজে নেয় নতুন ও নিজস্ব মানদণ্ডে।

ফিচার ডেস্ক