কেমন ছিল এনটিভির ঈদুল আজহার টেলিফিল্ম?
সারা বছরই টেলিভিশনগুলোতে নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়। কিন্তু ঈদের বিশেষ নাটক ও টেলিফিল্মের প্রতি দর্শকের আকর্ষণ সব সময় একটু বেশিই থাকে। ঈদুল আজহায় এনটিভিতে এবার সাতটি টেলিফিল্ম সম্প্রচারিত হয়েছে। সাতটি টেলিফিল্মই পরিচালকরা বাড়তি যত্ন নিয়ে নির্মাণের চেষ্টা করেছেন।
ঈদের দিন পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচার হয়। টেলিফিল্মটিতে মোশাররফ করিমের বিপরীতে কলকাতার ‘পাখি’খ্যাত অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী অভিনয় করেছেন। মধুমিতা শুধু কলকাতায় নয়, বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। তাই টেলিফিল্মটির প্রতি দর্শকের আলাদা আগ্রহ ছিল। এখন পর্যন্ত এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি ১১ লাখের বেশি বার দেখা হয়েছে। ভারতের মানালিতে টেলিফিল্মটির চিত্রায়ণ করা হয়। গতানুগতিক ভালোবাসার গল্পে গড়ে ওঠা টেলিফিল্মটি পরিচালক ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তাঁর চেষ্টায় সফলও হয়েছেন তিনি।
ঈদের দ্বিতীয় দিন অঞ্জন আইচ পরিচালিত ‘সাইরেন’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচারিত হয়। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, মৌ, তারেক আনাম খান, মাজনুন মিজান, নিরব, সাবিলা নূর প্রমুখ। দুই প্রজন্মের তারকাবহুল টেলিফিল্মটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি এখন পর্যন্ত ৬০ হাজার বারের বেশি দেখা হয়েছে।
ঈদের তৃতীয় দিন শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার পংক্তিমালা’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচারিত হয়। তারকাবহুল টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, মিথিলা, অপূর্ব, মম, ইরেশ যাকের, টয়া প্রমুখ। টেলিফিল্মটির গল্পের প্রয়োজনে তাহসান ‘ভালোবাসার পংক্তিমালা’ নামে একটি গানেও কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া এই টেলিফিল্মে তাহসানকে প্রথমবারের মতো কনসার্ট করতে দেখা যায়। তিন জুটিকে নিয়ে তিনটি ভালোবাসার গল্প এখানে পরিচালক বলেছেন। তিনটি ভালোবাসার গল্পে ছিল নতুনত্ব। অভিনয়শিল্পীদের অভিনয় অনেক সাবলীল ছিল। নির্মাণশৈলীও ছিল এককথায় দারুণ। এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি এখন পর্যন্ত চার লাখের বেশি বার দেখা হয়েছে।
এনটিভির চতুর্থ দিন মাহমুদ দিদার পরিচালিত ‘ভালোবাসার গল্পসমগ্র’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচারিত হয়। এই টেলিফিল্মটিতেও ভালোবাসার তিনটি গল্প তুলে ধরা হয়েছে। তিনটি গল্পের জুটি হয়েছেন ঊর্মিলা-ইরফান সাজ্জাদ, নাঈম-প্রভা ও আফরান নিশো-তানজিকা। টেলিফিল্মটিতে বোবা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন প্রভা। অন্যদিকে, ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান মেকআপ আর্টিস্ট চরিত্রে বেশ মানানসই ছিলেন নিশো। টেলিফিল্মের গল্পে মেকআপ আর্টিস্ট ও একজন চিত্রনায়িকার রসায়ন দারুণভাবে তুলে ধরেছেন পরিচালক। এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি বার দেখা হয়েছে।
ঈদের পঞ্চম দিন রেদওয়ান রনি পরিচালিত ‘বুলেটপ্রুফ ম্যারেজ’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচারিত হয়। এ সময়ের জনপ্রিয় তরুণ তারকার শিল্পীরাই এতে অভিনয় করেছেন। তাঁরা হলেন সাবিলা নূর, শরিফুল রাজ, মিশু সাব্বির, সালমান মুক্তাদির, হিরা, আইরিন আফরোজ, সুমন পাটোয়ারী প্রমুখ। এই প্রজন্মের দর্শকের কাছে টেলিফিল্মটি বেশ প্রশংসিত হয়েছে। এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি এখন পর্যন্ত এক লাখ ৪০ হাজারের বেশি বার দেখা হয়েছে।
ঈদের ষষ্ঠ দিন আরিফ খান পরিচালিত ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচারিত হয়। ছয় তারকা সংগীতশিল্পী নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করেছেন আরিফ খান। আগুন, শুভ্র দেব, ডলি সায়ন্তনী, সিঁথি সাহার সঙ্গে এ প্রজন্মের সংগীতশিল্পী মেহরাব ও পড়শি অভিনয় করেন। টেলিফিল্মটিতে আগুনের অভিনয় অনেক প্রশংসিত হয়। এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি এখন পর্যন্ত ১১ হাজারের বেশি বার দেখা হয়েছে।
এনটিভির সপ্তম দিন অনিমেষ আইচ পরিচালিত ‘খোয়াব’ টেলিফিল্মটি এনটিভিতে সম্প্রচারিত হয়। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শমী কায়সার, আশনা হাবিব ভাবনা, এ্যালেন শুভ্র, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। সমাজে নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। মৌলিক গল্পের টেলিফিল্মটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শমী কায়সার ও ভাবনা। অভাবের সংসারে দুই বোনের চরিত্রে বেশ মানানসই ছিলেন তাঁরা দুজন। মেকআপ ছাড়াই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শমী কায়সার ও ভাবনা। অন্যদিকে, তাঁদের ছোট ভাইয়ের চরিত্রে এ্যালেনও দুর্দান্ত অভিনয় করেছেন। টেলিফিল্মের গল্প অনুযায়ী শিল্পী নির্বাচন অনেক ভালো করেছেন অনিমেষ আইচ। নির্মাণশৈলীও ছিল চমৎকার। এনটিভির ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি এখন পর্যন্ত ১২ হাজারের বেশি বার দেখা হয়েছে।

নাইস নূর