মা হলেন ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী সিঁথি
সংগীতশিল্পী সিঁথি সাহা বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন। ২০২২ সালে তাঁর শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। এজন্য চিকিৎসা চলছিল এই গায়িকার। আর ক্যানসারের সঙ্গে লড়াই করে সুদূর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সদ্য নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন সিঁথি। কন্যা সন্তানের নাম রেখেছেন সামারা জয়ী।
এ বিষয়ে সিঁথি গণমাধ্যমকে জানান, গত ১৯ সেপ্টেম্বর সন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে মেয়েকে নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে অবস্থান করছেন।
এই গায়িকা বলেন, ‘গত বছর একটা খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি জানতে পারি, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম। বারবার মনে হলো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার অস্তিত্ব রেখে যেতে চাই এই সুন্দরী পৃথিবীতে। আমি এখন অনেক খুশি।’
সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই সন্তানকে নিয়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। ডিসেম্বরে গানে নিয়মিত হবেন বলেও জানান তিনি।

বিনোদন ডেস্ক