সরকারি অনুদানের ‘জীবন অপেরা’ সিনেমায় রাজ–মিম
২০২৪–২৫ অর্থবছরে ৭৫ লাখ টাকা সরকারি অনুদানপ্রাপ্ত ‘জীবন অপেরা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই অভিনয়শিল্পীর রসায়ন দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
তবে সিনেমাটিতে কাজের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক আলোচনা হয়েছে, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুটিং শুরুর সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন মিম। ছবিতে অভিনেতার মুখ দেখা যায়নি; পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়ব দেখা যায়। ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’ এই এক লাইনের পোস্টেই মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। বেশির ভাগ ভক্তের ধারণা, ছবির মানুষটি শরিফুল রাজ। কেউ কেউ আবার আরিফিন শুভর নামও উল্লেখ করেন। অনেকের মন্তব্য, এই গেটআপ ও স্টাইল রাজ ছাড়া অন্য কারও হতে পারে না। মিমের এই পোস্টেও ‘জীবন অপেরা’ সিনেমার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন ভক্তরা।
উল্লেখ্য, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি বইও প্রকাশিত রয়েছে। উপন্যাসটিতে প্রধান চরিত্র রফিকের দুটি জীবনের মধ্যে যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। সেখানে দেখা যায়, রফিক এক ভিন্ন জীবনে প্রবেশ করে, যেখানে শারমিন আবার তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থিত থাকে। বাস্তব ও কল্পনার সংমিশ্রণে লেখা এই গল্পে প্রেম ও মানবিক সিদ্ধান্তের নানা দিক উঠে এসেছে।
সরকারি অনুদানে নির্মিত ‘জীবন অপেরা’ মূলধারার দর্শককে লক্ষ্য করেই নির্মিত হতে যাচ্ছে বলে জানা গেছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের অর্থের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোতেই তৈরি করা হবে।

বিনোদন ডেস্ক