দেশে সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
শবনম বুবলী আবারও মা হওয়ার খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি দোকানের উদ্বোধনে অংশ নেওয়া বুবলী সাংবাদিকদের সঙ্গে কথা বললেও মা হওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন। ব্যক্তিগত জীবনের বিষয়ে তিনি সময় সুযোগ মতোই মন্তব্য করেছেন।
তবে অনুষ্ঠানে শাকিব খান এবং তার সিনেমার প্রশংসা করতে ভোলেননি নায়িকা। তিনি বলেন, “শাকিব খানের সিনেমা মানেই অনেক ধামাকা। এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন। আমি সব সময় বলি, আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিটি যদি কোনো বিশ্ববিদ্যালয় হত, তাহলে শাকিব খান হতেন প্রিন্সিপাল। তার নতুন সিনেমা ‘প্রিন্স’ও আশা করি হিট হবে।”
শাকিবের সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনাও উজ্জ্বল মনে করছেন বুবলী। তিনি জানান, “ব্যাটেবলে মিললে তার সঙ্গে আবারও অভিনয় করতে পারব।”
ভালোবাসা দিবসের আগে ভালোবাসা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভালোবাসা আমার কাছে মানে সম্মান, বিশ্বাস, আস্থা, ত্যাগ ও বোঝাপড়া—এই বিষয়গুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়।”
শাকিবের দেওয়া সেরা উপহার সম্পর্কে বুবলী জানান, “এত বছরের সম্পর্ক, পরিবার, অনেক সুন্দর স্মৃতি আছে। উপহারও অনেক, আমাদের স্পেশাল মুহূর্তও অসংখ্য।”
আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেবেন কি না সে বিষয়ে স্পষ্ট হননি বুবলী। তবে শিল্পী হিসেবে নিরাপদে কাজ করতে পারার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আশা করেন, নারী-পুরুষ বৈষম্য থাকবে না এবং যে সরকারই আসুক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

বিনোদন ডেস্ক