রমযানে ‘আল্লাহ দেবে ঠাঁই’: এক গানে ছয় শিল্পীর কণ্ঠ
পবিত্র মাহে রমযান উপলক্ষে নতুন একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন দেশের ছয়জন পরিচিত শিল্পী—কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। ‘আল্লাহ দেবে ঠাঁই’ শিরোনামের এই গানে দুঃখ, হতাশা ও নিঃস্বতার সময়ে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে।
গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন তারিক আল ইসলাম। ভিডিও পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে অংশ নিয়েছেন ছয় শিল্পীই।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাবে গানটি।
গান প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, এক গানে ছয় শিল্পীর অংশগ্রহণ বিশেষ একটি উদ্যোগ। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া, ধৈর্য ও মুনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তির বার্তা তুলে ধরা হয়েছে।
কাজী শুভ জানান, ভক্তিভরে গানটি পরিবেশন করেছেন তাঁরা। তাঁর আশা, শ্রোতাদের কাছে এটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

বিনোদন ডেস্ক