কুয়াশা, ট্রেন আর কিছুক্ষণ: এলো ‘বনলতা এক্সপ্রেস’র টিজার
রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এর টিজার প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় বহুল আলোচিত এই নির্মাণের অফিশিয়াল টিজার। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এটি।
১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে উঠে এসেছে ২০০৭ সালের ডিসেম্বরের এক কুয়াশাচ্ছন্ন বিকেলের আবহ। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেসের ভেতরের এক ঝলক দেখানো হয়েছে সেখানে। পুরো টিজারজুড়ে ধরা পড়েছে কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’-এর আবহ, যেখানে মায়া, স্মৃতি ও রহস্য মিলেছে একসঙ্গে।
গল্পটি এগিয়েছে ট্রেনের একদল ভিন্ন চরিত্রের যাত্রীকে ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন এবং দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই একই ট্রেনের যাত্রী। গন্তব্য এক হলেও এই যাত্রা তাদের জীবনে নতুন মোড় নিয়ে আসে।
নির্মাণটির অভিনয়শিল্পীদের তালিকাও শুরু থেকেই আলোচনায় ছিল। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শামীমা নাজনীন, ত্রিধা পাল মান, এ কে আজাদ সেতু, সিফাত রহমান, তামিম করিম, লাবণ্য চৌধুরী, সাবরিনা আজাদ, আরেফিন জিলানীসহ আরও অনেকে।
ইউসিবি নিবেদিত এই নির্মাণ প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।
নির্মাতারা জানিয়েছেন, পর্যায়ক্রমে প্রকাশ করা হবে নির্মাণটির গান ও ট্রেলার। রোজার ঈদে এটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন ডেস্ক