ঘুমের মধ্যেই চলে গেলেন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা
ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী। সোমবার ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লিখেছেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।’
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সাধারণত ভোরে ঘুম থেকে উঠতেন তমাল রায়চৌধুরী। তবে সোমবার সকালে তার কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিচারিকার। ডাকাডাকি করেও সাড়া না পেলে দ্রুত চিকিৎসককে ডাকা হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই তিনি মারা গেছেন।
চিকিৎসকের প্রাথমিক ধারণা, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই অভিনেতার।
পরিবার সূত্রে জানা গেছে, এর আগে তার বাইপাস সার্জারি করা হয়েছিল এবং শরীরে পেসমেকার বসানো ছিল। পাশাপাশি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সে কারণে সাম্প্রতিক সময়ে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছিল না তাকে।
দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করেছেন তমাল রায়চৌধুরী। থিয়েটারেও ছিল তার সক্রিয় উপস্থিতি। বড় পর্দায় তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিস্মর, রামধনু, চাঁদের পাহাড় ও অ্যামাজন অভিযান।

বিনোদন ডেস্ক