ঈদে ফিরে এলো ‘চুমকি’, নতুন রূপে গানটি তুলে ধরলেন পান্থ কানাই
বাংলা গানের ভাণ্ডারের অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’ এবার নতুন রূপে ফিরে এসেছে। খুরশীদ আলমের কণ্ঠে ১৯৮০-এর দশকে ‘দোস্ত দুশমন’ সিনেমায় গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পান্থ কানাই রিমেক করে গানটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। এবার ঈদে তিনি হাজির করছেন নতুন সংস্করণ ‘আবার চুমকি’।
গানের কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। গানটি ঈদের দিন সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটি ৬০-৭০ দশকের আবহে নির্মিত, যেখানে পুরোনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটে উঠেছে। পারসা ও বাসারের এই প্রথম জুটি হিসেবে ভিডিওতে দেখা যাবে।
পান্থ কানাই বলেন, ‘‘খুরশীদ আলমের ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী গান। এবার দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে ‘আবার চুমকি’। আশা করছি গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের আবহকে আরও প্রাণবন্ত করবে।’’
খায়রুল বাসার বলেন, ‘‘নতুন ‘চুমকি’-তে কাজ করতে পেরে ভালো লাগছে। ভিডিওতে ফান ও উৎসবের মুড রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।’’
তানিম রহমান অংশু বলেন, ‘‘ভিডিওটি মূলত আনন্দময়, ফান-লাভিং। পুরোনো গানটির ঐতিহ্য মাথায় রেখে সেট, কস্টিউম এবং পারফরম্যান্সে সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’’
গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘‘‘চুমকি চলেছে একা পথে’ বাংলা গানের বড় সম্পদ। এবার ‘আবার চুমকি’ সেই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে এবং ঈদের আনন্দ বাড়াবে।’’

বিনোদন ডেস্ক