ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে যে ৫ সিনেমা
ঈদ মানেই আনন্দ, ভ্রমণ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো—আর সেই আনন্দকে আরও বর্ণিল করে তোলে ঈদের নতুন সিনেমার ঝলক। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে দেশের চলচ্চিত্র অঙ্গন জমে উঠেছে নানা প্রত্যাশা, চমক আর আলোচনায়।
ঈদকে কেন্দ্র করে শুরুতে মুক্তির তালিকায় ছিল ১৫টিরও বেশি সিনেমা। তবে রমজানের শেষ মুহূর্তে সেই তালিকা ছোট হয়ে দাঁড়িয়েছে ৫-এ। এবার ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে রয়েছে প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস ও প্রেশার কুকার সিনেমা। এই পাঁচ সিনেমাকেই ঘিরে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। পোস্টার, টিজার আর ঘোষণার মধ্য দিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ঈদের পর্দা কাঁপাতে আসা সেই পাঁচ সিনেমা—
প্রিন্স
ঈদের সিনেমা আর শাকিব খান—এই সমীকরণ যেন অবিচ্ছেদ্য। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। গ্যাংস্টার ঘরানার সিনেমাটি ঘিরে শুরু থেকেই রয়েছে আলোচনা।
বনলতা এক্সপ্রেস
নির্মাতা তানিম নূর এবার ঈদে নিয়ে আসছেন ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা তানিম নূর নির্মাণ করেছেন সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটির পোস্টার, ঝলকচিত্র ও গান প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর প্রশংসাও কুড়াচ্ছে। একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।
রাক্ষস
‘বরবাদ’ সিনেমার পর নির্মাতা মেহেদি হাসান হৃদয় আবারও বড় পরিসরে হাজির হচ্ছেন ‘রাক্ষস’ সিনেমা নিয়ে। সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। প্রেমের গল্পের পাশাপাশি এতে রয়েছে ভরপুর ভায়োলেন্স ও অ্যাকশন। এই সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের গানটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমার গল্পটি মূলত এক পাগলাটে প্রেমের, যার সঙ্গে যুক্ত হয়েছে পারিবারিক টানাপোড়েন।
সিনেমার প্রথম ঝলকেই গ্যাংস্টার লুকে ধরা পড়েছে নতুন এক শাকিব খানকে। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। শুরু থেকেই সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রেশার কুকার
নির্মাতা রায়হান রাফী চমক দেখাতে ভালোবাসেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবার ঈদে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ মুক্তির ঘোষণা দেন তিনি। সম্প্রতি প্রায় দেড় মিনিটের একটি ঝলক প্রকাশ করা হয়েছে। নির্মাতা এটিকে ঝলক না বলে নাম দিয়েছেন ‘প্রথম বাঁশি’। যেখানে চার নারী চরিত্রের জটিল সম্পর্ক, টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
দম
নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমাটি টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। টিজারে নিশোর চরিত্রটিকে এক ভয়াবহ জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে দেখা যায়।
নির্যাতন, বন্দিদশা এবং মরুভূমির রুক্ষতা সব মিলিয়ে এক রোমহর্ষক গল্পের ইঙ্গিত দিচ্ছে সিনেমাটি। শেষ মুহূর্তে শোনা যায় আফরান নিশোর কণ্ঠে একটি সংলাপ—‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’

বিনোদন ডেস্ক