ফের বিয়ে করেছেন র্যাপার বাদশা
বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা কয়েক বছর ধরে পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখি এর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সম্পর্ক এবার পূর্ণতা পেল।
মঙ্গলবার ইশার মা পুনম রিখি সামাজিক মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে তাদের বিয়ে মুহূর্তের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। ভিডিওগুলোতে দেখা যায়, বাদশা বাদামী কুর্তা ও সোনালি পাগড়িতে, আর ইশা লাল সালোয়ার স্যুটে সেজেছেন। দু’হাতের সোনালি চুড়ি ও বর-কনের গলায় বরমালা দিয়ে তারা বিয়ের রীতি পালন করছেন।
ছবিগুলো প্রকাশ হওয়ার পর ইন্ডাস্ট্রির একাংশ বলছে, সম্ভবত বেশ কিছুদিন আগে ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে আড়ম্বরহীনভাবে আয়োজন করা হয়েছিল। তবে এ পর্যন্ত বাদশা বা ইশা আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে কিছু জানাননি।
বাদশার ব্যক্তিগত জীবনে এ নতুন অধ্যায় আসে ২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিং-এর সঙ্গে বিচ্ছেদের পর। চার বছর আগে একটি বন্ধুর পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার, যা থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু।
ইশার অভিনয় জগতে পথচলা শুরু হয় ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’-এর মাধ্যমে। ২০১৮ সালে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নওয়াবজাদে’-তেও কাজ করেছেন।

বিনোদন ডেস্ক