গতির চাকা থামছে না ‘বনলতা এক্সপ্রেস’র, ৮ দিনে আয় ২ কোটি
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ভিড়ে আলাদা করে আলোচনায় উঠে এসেছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সীমিত শো নিয়েও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ধরে রেখে এগিয়ে যাচ্ছে ছবিটি।
মুক্তির মাত্র আট দিনেই ২ কোটির ক্লাবে পৌঁছেছে এই তারকাবহুল নির্মাণ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্স—এই চারটি চেইন মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা।
দর্শক প্রতিক্রিয়া নিয়েও সন্তুষ্ট নির্মাতা। তার ভাষায়, ‘প্রতিদিনই দেখছি দর্শক দল বেঁধে আসছেন—বন্ধু, পরিবার নিয়ে। এই সাড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
দ্বিতীয় সপ্তাহে এসে শোর সংখ্যাতেও কিছু পরিবর্তন এসেছে। স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো চলছে ‘বনলতা এক্সপ্রেস’-এর।
তবে টিকিট না পাওয়ার অভিযোগও রয়েছে দর্শকদের একটি অংশের। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘টিকিট বা শো বাড়ানোর সিদ্ধান্ত হল কর্তৃপক্ষের। একজন নির্মাতা হিসেবে এ বিষয়ে আমাদের করার কিছু থাকে না।’
একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা স্তর উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক