মুক্তির আগেই অনলাইনে ফাঁস থালাপতি বিজয়ের শেষ সিনেমা
মুক্তির আগেই বড় ধাক্কা খেল থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়গন’। প্রেক্ষাগৃহে আসার আগেই পুরো সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় উদ্বেগে ভক্তরা, শঙ্কা তৈরি হয়েছে বক্স অফিস নিয়েও।
পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি মূলত ৯ জানুয়ারি মুক্তির কথা থাকলেও সার্টিফিকেশন জটিলতায় তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর ৯ এপ্রিল হঠাৎ করেই পুরো সিনেমাটি এইচডি মানে অনলাইনে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে সিনেমাটির আর্থিক ক্ষতি আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখছেন, ‘যত দ্রুত সম্ভব সিনেমাটি হলে আনতে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
আবার অনেকে অনুরোধ জানিয়েছেন, লিক হওয়া কনটেন্ট ডাউনলোড বা শেয়ার না করে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বাজেটের এই বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ, প্রযোজনায় রয়েছেন ভেঙ্কট কে নারায়াণ। অভিনয়ে থালাপতি বিজয়ের সঙ্গে রয়েছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামনি।
সার্টিফিকেশন জটিলতা আর অনলাইন ফাঁস—দুটি বড় সংকটের মুখে এখন ‘জন নায়গন’। মুক্তির আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা সিনেমাটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছে।

বিনোদন ডেস্ক