১৯ বছর আগের সেই ময়মনসিংহ কাহিনি, নতুন করে যে কারণে আলোচনায়
ময়মনসিংহের কাশর এলাকার প্রায় ঊনিশ বছর আগের এক মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’ প্রথম সিজনেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল। সেই ধারাবাহিকতায় নির্মিত ‘চক্র ২’ মুক্তির পর নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে সিরিজটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক দর্শকের মতে, এটি এখন শুধু একটি সিরিজ নয়—বরং আধুনিক মনস্তত্ত্ব ও ডার্ক ফ্যান্টাসির এক মিশ্র উপস্থাপন, যা দর্শকদের ভাবতে বাধ্য করছে।
বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকায় দর্শকদের মধ্যে শুরু থেকেই একটি প্রশ্ন কাজ করে—কোথায় বাস্তব, কোথায় কল্পনা। নির্মাতা ও চিত্রনাট্যকার সেই ধোঁয়াশাকেই গল্পের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করেছেন।
সিরিজটিতে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় বিশেষভাবে আলোচনায় এসেছে। চরিত্রটির মানসিক টানাপোড়েন, ভাঙন ও পরিবর্তন দর্শকদের দৃষ্টি কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চরিত্রকে ঘিরে তৈরি হচ্ছে বিভিন্ন মিম ও কনটেন্ট, যা জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
‘চক্র ২’ শুধু ভয়ের গল্পে সীমাবদ্ধ নয়। এতে উঠে এসেছে মানুষের অপরাধবোধ, ট্রমা ও মানসিক জটিলতার বিষয়গুলো। ভৌতিক উপাদানের পাশাপাশি ‘কর্মফল’ ও মানবিক আবেগ গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
তৌসিফ মাহবুব বলেন, সিরিজটিতে এমন কিছু চরিত্র ও ঘটনা রয়েছে, যেগুলোর সঙ্গে বিভিন্ন বয়সের দর্শক নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। তার মতে, বাস্তবধর্মী উপস্থাপনই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের ‘চক্র ২’-এ তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি ও শাওন।

বিনোদন ডেস্ক