না ফেরার দেশে ‘দ্য ক্রিমসন রিভার্স’ খ্যাত অভিনেত্রী নাদিয়া ফারেস
ফরাসি-মরোক্কান চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নাদিয়া ফারেস আর নেই। গত ১৭ এপ্রিল ৫৭ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, কয়েক দিন আগে প্যারিসের একটি ব্যক্তিগত স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন, তবে শেষ পর্যন্ত তাকে আর ফেরানো সম্ভব হয়নি।
অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার দুই মেয়ে সিলিয়া ও শানা গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, ফ্রান্স শুধু একজন প্রতিভাবান শিল্পীকেই হারায়নি, তারা ব্যক্তিগতভাবে হারিয়েছেন তাদের প্রিয় মাকে। এদিকে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো জানিয়েছে, অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো রহস্যজনক বা অপরাধমূলক আলামত পাওয়া যায়নি।
১৯৬৮ সালে মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া ছোটবেলা কাটিয়েছেন ফ্রান্সের নিস শহরে। অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি প্যারিসে পাড়ি জমান এবং ১৯৯২ সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন। তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত থ্রিলার সিনেমা ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। যেখানে তিনি জ্যাঁ রেনো ও ভিনসেন্ট ক্যাসেলের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন।
পরবর্তী সময়ে হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী। বিশেষ করে ২০০৭ সালে ‘ওয়ার’ ও ‘স্টর্ম ওয়ার্নিং’ সিনেমায় তার অভিনয় আন্তর্জাতিক দর্শকদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে। তার আকস্মিক এই প্রয়াণে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদন ডেস্ক