অভিনয়ে ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন তানিয়া বৃষ্টি
মরণব্যাধি ব্রেন টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন অভিজ্ঞতা পেরিয়ে ফের অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় ৯ মাস ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। তবে বিরতি কাটিয়ে কাজে ফিরেই দর্শকের ভালোবাসা পাচ্ছেন এই অভিনেত্রী। নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় প্রত্যাবর্তনের পর প্রশংসায় ভাসছেন তিনি।
গত ২৬ অক্টোবর নাটকটির শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এতে তানিয়ার সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
পারিবারিক টানাপোড়েন, বাবার সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির গল্পে নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পেয়েছেন দর্শক। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নাটকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
মুক্তির পর থেকেই দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে নাটকটি। বর্তমানে এর ভিউ ১৬ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথাও জানিয়েছেন অনেকে।
ফারহানা নামে এক দর্শক লিখেছেন, নাটকটার সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল আমরাও দুই বোন বাবা মারা গেছে। আত্মীয়-স্বজনের কত রুপ দেখতেছি, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছে।
আরেকজন দর্শক লিখেছেন, তাদের পরিবারেও তিন বোন, কোনো ভাই নেই। বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সমাজের প্রচলিত বাস্তবতা তাকে কষ্ট দেয়। আরেক দর্শক জানিয়েছেন, তাই নাটকটির গল্পের সঙ্গে নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পেয়েছেন।
তবে নাটকটির প্রশংসার পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দের কারণ তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন। প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখে শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন অনেকে।
একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি।’
দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্প তুলে ধরতে চেয়েছেন তারা। দর্শকদের এমন সাড়া পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।
তানিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, অসুস্থতার কারণে আগে তাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে আবার যোগাযোগ হলে গল্পটি পড়ে তানিয়া নিজেই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে বলেও জানান তিনি।

বিনোদন ডেস্ক