ইডির দপ্তরে নুসরাত জাহান, সঙ্গে যশ
ফ্ল্যাট দুর্নীতি মামলার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে আজ বুধবার (২২ এপ্রিল) সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশ।
কয়েকদিন আগেই নুসরাতকে তলব করেছিল ইডি। পাঠানো হয়েছিল সমন। তার ভিত্তিতেই বুধবার সিজিও কমপ্লেক্সে আসেন তিনি।
ইডি সূত্রে জানা যায়, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান।
ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ফের ডেকে পাঠানো হয়েছে।
পাশাপাশি ইডির এক সূত্র মারফৎ এও জানা গিয়েছিল যে, দুই দিন আগে ইডির তরফে তলব করা হয় নুসরাতকে। প্রথমে কলকাতার দপ্তরে হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন নুসরাত। তিনি জানিয়েছিলেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন। তাই নির্দিষ্ট দিনে যদি তাকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে ভালো হয়। তবে সেই আর্জি খারিজ করে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে। সেই মোতাবেক আজ বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন নুসরাত জাহান।

বিনোদন ডেস্ক