বাবাকে বিজয় বলেছিলেন, ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতির এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন অবস্থান তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা, পাশাপাশি উচ্ছ্বাস ছড়িয়েছে তার পরিবারে।
এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বিজয়ের বাবা, নির্মাতা এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক বছর ধরেই ছেলের আত্মবিশ্বাস দৃঢ় ছিল।
তিনি বলেন, ‘আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছরে আমি দেখেছি, ওর আত্মবিশ্বাস অসাধারণ। “আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব”—এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’
তিনি আরও জানান, কোনো রাজনৈতিক জোট ছাড়াই লড়াই করা বড় চ্যালেঞ্জ হলেও বিজয়ের অবস্থান তাৎপর্যপূর্ণ। তার মতে, এটি শুধু রাজনৈতিক নয়, একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিজয়ের এই সাফল্যে তার মা শোভা চন্দ্রশেখর-ও আনন্দিত বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রাথমিক ট্রেন্ডে টিভিকে ১০০-এর বেশি আসনে এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই বিজয়ের বাসভবনের সামনে শুরু হয় উদ্যাপন। ভক্তদের ভিড় বাড়তে থাকায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কে বিজয়ের বাসভবনে দেখা গেছে। দীর্ঘদিনের সহ-অভিনেত্রী হিসেবে তার উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন নানি ও ভেঙ্কট প্রভুসহ অনেকে।

বিনোদন ডেস্ক