এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল
ভারতের জাতীয় পর্যায়ের চাকরি পরীক্ষা ‘নিটের’ প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলগা ভেট্রি কঝগম (টিভিকে)। দলটি জানিয়েছে, মেডিকেল প্রবেশিকা পরীক্ষার কেবল অনিয়ম নয়, তারা এই পরীক্ষাব্যবস্থাই পুরোপুরি বাতিলের পক্ষে।
মঙ্গলবার (২১ জুলাই) দলটি এক বিবৃতিতে জানায়, জাতীয় পর্যায়ের ‘নিট’ পরীক্ষা বাতিল করাই তাদের স্পষ্ট ও দৃঢ় অবস্থান। একই সঙ্গে চিকিৎসাশিক্ষার যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
মূল বিরোধী দল ডিএমকেকে পরোক্ষভাবে নিশানা করে টিভিকে জানায়, ভোটে জেতার জন্য ‘নিট বাতিল করব’—এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা কখনোই জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করবে না।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে।
সমস্যার স্থায়ী সমাধানে সংবিধানের ‘যৌথ তালিকা’ থেকে শিক্ষাকে সরিয়ে ‘রাজ্য তালিকায়’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে টিভিকে। এতে কোনো আইনি জটিলতা থাকলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ‘বিশেষ যৌথ তালিকা’ তৈরির প্রস্তাব দেওয়া হয়, যাতে শিক্ষার ওপর রাজ্যের পূর্ণ কর্তৃত্ব থাকে। এটি তাদের নেতা ও মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের ও ওরফে থালাপতি বিজয়ের দূরদর্শী চিন্তাধারা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংবাদটি এমন এক সময়ে এলো যখন নিটবিরোধী অবস্থানে থাকা র্যাপ গায়ক ‘তেরুক্কুরাল’ আরিভুর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্ট্যালিন। আটক হওয়ার আগে চেন্নাইয়ে তামিলনাড়ু সচিবালয়ের সামনে নিটবিরোধী সোচ্চার স্লোগান দিয়েছিলেন ওই গায়ক।

এনটিভি অনলাইন ডেস্ক