দেবের পরিচালনায় ‘দেশু ৭’-এর শুটিং শুরু
টলিউডে দীর্ঘকাল ধরে চলে আসা ‘ব্যান কালচার’—কোনো কিছুই দমাতে পারল না মেগাস্টার দেবকে। দেব-অনির্বাণ রসায়ন অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার শুরু হলো ‘দেশু ৭’-এর শুটিং। সেখানে শুটিং ফ্লোরে অনির্বাণকে নির্দেশনা দিতে দেখা গেল দেবকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্বাণের উপস্থিতিতে সিলমোহর দিয়ে দেব লিখেছেন, ‘শুটিং মোড অন’।
অভিনেতা ও প্রযোজক হিসেবে দেব নিজেকে বারবার প্রমাণ করেছেন। কিন্তু ‘দেশু ৭’ তাঁর কাছে এক মস্ত বড় চ্যালেঞ্জ, কারণ এই সিনেমার মাধ্যমেই তিনি প্রথমবার বসছেন পরিচালকের আসনে। দেব আগেই স্পষ্ট করেছিলেন, ‘নিষিদ্ধ করার সংস্কৃতি বা ব্যান কালচার আমি সমর্থন করি না। অনির্বাণ আমার সিনেমাতে থাকছেই।’ সেই কথা রাখলেন তিনি। এদিন অনির্বাণকে শুটিং ফ্লোরে পেয়ে দেবসহ পুরো টিমই বেশ চনমনে মেজাজে।
সিনেমার কাস্টিংয়েও রয়েছে বড় চমক। অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ এক দশক পর দেব-শুভশ্রী জুটি একসঙ্গে কাজ করছেন। ধূমকেতু দীর্ঘ অপেক্ষায় পর মুক্তি পেয়েছিল গত বছর। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। সেই ম্যাজিক দেখবার অপেক্ষায় দর্শক। এদিন অবশ্য দেবের শেয়ার করা সিনেমাতে শুভশ্রীর দেখা মেলেনি।
সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব ফেডারেশনের এই ‘ব্যান’ সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রসেনজিৎ স্পষ্ট জানিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে ‘নিষিদ্ধ’ করা মানুষদের কাজে ফেরানোর পথ প্রশস্ত করতে হবে। দেবের এই শুটিং শুরু করাকে সেই নৈতিক জয়ের একটি অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
২০২৬-সালের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই সিনেমা। দেবের পরিচালনা ও অনির্বাণের ‘কামব্যাক’ সব মিলিয়ে পুজোয় এক বড় ধামাকার অপেক্ষায় দর্শকরা।

বিনোদন ডেস্ক