৬ দিন আগে ঈদের সিনেমায় যুক্ত হলো ‘মালিক’
কোরবানির ঈদ ঘিরে জমে উঠছে দেশের সিনেমা অঙ্গন। সেই প্রতিযোগিতায় এবার আনুষ্ঠানিকভাবে নাম লেখাল আরিফিন শুভর ‘মালিক’। আলোচিত এই সিনেমার মুক্তির ঘোষণা এসেছে ঈদের মাত্র ৬ দিন আগে নতুন দুটি পোস্টারের মাধ্যমে।
বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান পোস্টার প্রকাশ করে জানায়, কোরবানির ঈদেই আসছে ‘মালিক’। ঘোষণার পরদিন প্রকাশ করা হয় আরিফিন শুভর একক লুক পোস্টার। সেখানে তাকে দেখা যায় গম্ভীর, রুক্ষ আর রহস্যময় এক অবতারে। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে শুভ লেখেন, ‘ঈদ মোবারক, মালিক।’ এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা।
এর একদিন পর প্রকাশ পায় দ্বিতীয় পোস্টার। তবে এবার বদলে যায় আবহ। অ্যাকশনঘেরা অন্ধকার টোনের বদলে সেখানে দেখা যায় রোমান্টিক মুহূর্তে ধরা দেওয়া শুভ ও মিমকে। পোস্টারটি শেয়ার করে মিমও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। দুটি পোস্টারের ভিন্ন মেজাজ সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
গত বছরের শেষ দিকে নির্মাতা শুরু করেছিলেন ‘মালিক’-এর শুটিং। শুরুতে গুঞ্জন ছিল রোজার ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় মুক্তির পরিকল্পনা। পরে জানা যায়, কোরবানির ঈদকে লক্ষ্য করেই এগোচ্ছে পুরো আয়োজন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।
অ্যাকশনধর্মী এই সিনেমায় দেখা যাবে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নামতে নামতে ধীরে ধীরে অপরাধ জগতের ভয়ংকর ক্ষমতাধর এক ব্যক্তিতে পরিণত হয়। সেই ‘মালিক’ চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে ভিন্ন ধরনের অ্যাকশনধর্মী চরিত্রে। চরিত্রটির জন্য তিনি নিয়েছেন বিশেষ মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ।
নির্মাতা সাইফ চন্দনের ভাষ্য, ‘এটি শুধু অ্যাকশন সিনেমা নয়, এর ভেতরে আবেগ, সম্পর্ক আর শক্তিশালী গল্পও আছে। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও নতুন কিছু দেখতে পাবেন।’
বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। নির্মাতার ভাষ্য, মুক্তির সব প্রস্তুতি প্রায় শেষ। এখন ধাপে ধাপে প্রকাশ করা হবে সিনেমার প্রচারণার বিভিন্ন আয়োজন।
‘মালিক’-এর আরেকটি বড় আকর্ষণ হলো— দীর্ঘ সাত বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও মিম।

বিনোদন ডেস্ক