গোধূলি লগ্নে পদ্মছোঁয়া শাড়িতে স্নিগ্ধ পরিমণি, মন কাড়ল নেটিজেনদের
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরী মণি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্নিগ্ধ রূপের জাদু ছড়ালেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন তিনি, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে এবং ভক্তদের প্রশংসায় ভাসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা ছবিগুলোতে পরী মণিকে সম্পূর্ণ ভিন্ন এবং গ্রামীণ প্রকৃতির এক শান্ত পরিবেশে দেখা গেছে। পরনে ছিল লেবু-হলুদ ও হালকা সবুজ রঙের একটি সুতি শাড়ি, যার আঁচল এবং জমিনজুড়ে আঁকা রয়েছে বড় বড় গোলাপি পদ্ম ফুল ও সবুজ পাতা। প্রকৃতির সবুজ ক্যানভাসের সঙ্গে তার এই পোশাকের কম্বিনেশন নেটিজেনদের দারুণ মুগ্ধ করেছে।
ছবিগুলোর মূল আকর্ষণ ছিল এর ব্যাকগ্রাউন্ড ও লাইটিং। গোধূলির সোনালি আলো যখন চারপাশের বিল ও ফসলি জমিতে ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই মুহূর্তে ক্যামেরাবন্দী হয়েছেন এই গ্ল্যামার কন্যা। কোনো ছবিতে তাকে মায়াবী চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ছবিতে চোখ বন্ধ করে প্রকৃতির শান্ত হাওয়া উপভোগ করতে দেখা গেছে। হালকা মেকআপ, কপালে ছোট টিপ, কানে মানানসই দুল আর হাতে রুপোলি চুড়িতে তার এই রূপ যেন আবহমান বাংলার চিরায়ত নারীর প্রতিচ্ছবি।
ছবিগুলো পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তার এই সরল ও স্নিগ্ধ লুকের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই বলছেন, যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির এই সান্নিধ্যে পরিমণিকে দেখতে একদম অন্যরকম এবং চমৎকার লাগছে। কর্মব্যস্ততার মাঝেও প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে পরী মণি আরও একবার প্রমাণ করলেন, সাধারণ রূপেই তিনি সবচেয়ে বেশি অনন্য।

বিনোদন ডেস্ক