কোটি মানুষের দোয়া ও ভালোবাসা চাইলেন সামিরা খান মাহি
মিস ইউনিভার্সের বৈশ্বিক মঞ্চে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। এই মাহেন্দ্রক্ষণের ঠিক আগে নিজের আবেগ, কৃতজ্ঞতা ও প্রত্যয়ের কথা জানালেন সামিরা খান মাহি। তিনি বলেন, মিস ইউনিভার্সের মঞ্চে কেবল নিজের পরিচয় নিয়ে দাঁড়ান না; বরং তাঁর সঙ্গে থাকে বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন, ভালোবাসা, দোয়া আর লাল-সবুজ পতাকার গৌরব। তাই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান সামিরা খান মাহি।
সামিরা খান মাহি বলেন, আমার এই যাত্রার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন, ভালোবাসা দোয়া আর প্রত্যাশা। দূর থেকে যারা আমার জন্য দোয়া করেছেন, প্রতিটি মুহূর্তে সাহস জুগিয়েছেন, ভোট দিয়ে পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।
সামিরা খান মাহি আরও বলেন, মিস ইউনিভার্সের এই মঞ্চে আমি যখন দাঁড়াই, তখন শুধু নিজের পরিচয় বহন করি না; বহন করি আমার প্রিয় বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আগামীকাল সেই বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। আমার এই যাত্রার শেষ অধ্যায়ের সাক্ষী হবেন আপনারাও। আমার জন্য দোয়া করবেন। যেন বিশ্বের সামনে বাংলাদেশের নাম, পতাকা ও সৌন্দর্যকে গর্বের সঙ্গে তুলে ধরতে পারি। আমি একা নই, আমার সঙ্গে আছে আমার বাংলাদেশ। ভালোবাসা রইল, বাংলাদেশ।
কখন ও কীভাবে দেখবেন গ্র্যান্ড ফিনালে?
পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য এই জাঁকজমকপূর্ণ আসরের পর্দা নামছে আজ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে, যা বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ২৫ নভেম্বর (বুধবার) সকাল ৭টায় সরাসরি উপভোগ করা যাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।
এবারের মূল আসরটি সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপক মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। এ ছাড়া মঞ্চের পেছনের নানা রোমাঞ্চকর মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স ডায়ানারা টরেস ও উপস্থাপক জুরি হল।
দর্শকরা টেলিভিশনের পর্দায় টেলিমুন্দো ও রিলজ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি অনলাইনে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’ এও চূড়ান্ত পর্বটি দেখা যাবে। মূল পর্বের আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রাথমিক প্রতিযোগিতা, যা টেলিমুন্দো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

বিনোদন ডেস্ক