মা হওয়ার পর ওটিটি দিয়ে ফিরছেন ক্যাটরিনা
মাহওয়ার পর দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে ছিলেন বলিউডের ‘চিকনি চামেলি’ ক্যাটরিনা কাইফ। তবে ভক্তদের জন্য এবার রয়েছে এক দারুণ সুখবর! বিরতি ভেঙে আবারও চিরচেনা রূপে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী।
২০২৫ সালের নভেম্বরে ক্যাটরিনা ও ভিকি কৌশলের কোল আলো করে আসে তাদের পুত্রসন্তান ‘বিহান কৌশল’। এরপর থেকে নিজেকে পুরোপুরি মাতৃত্বে সঁপে দিয়েছিলেন ক্যাটরিনা। তবে ‘ইন্ডিয়া টুডে’র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা ইদানীং আবারও নতুন নতুন সিনেমার চিত্রনাট্য পড়া শুরু করেছেন।
তাড়াহুড়ো নয়, সন্তান ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কড়া ও জুতসই গল্প খুঁজছেন ক্যাটরিনা, যা তার কামব্যাককে মনে রাখার মতো করে তুলবে।
কারিনা কাপুর কিংবা আলিয়া ভাটের মতো বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে ক্যাটরিনা এখনো এই দুনিয়ায় পা রাখেননি। সূত্র বলছে, এবার ওটিটির এক মেগা প্রজেক্ট দিয়েই ওটিটি অভিষেক করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মাঝামাঝি বা শেষের দিকে আবারও শুটিং সেটে দেখা যাবে ক্যাটরিনাকে।

বিনোদন ডেস্ক