এবার সঞ্জয়–নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’
বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা। সেই সফল জুটিই এবার ফিরছেন নতুন গান নিয়ে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাঁদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।
ডালাস থেকে একটি গণমাধ্যমকে সঞ্জয় বলেন, ‘‘‘চ্যাম্পিয়ন’ শুধু একটি খেলার জয়ের গান নয়। এটা জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, গানটি শুনে মানুষ অনুপ্রাণিত হোক। ‘চ্যাম্পিয়ান’ সবাইকে সেই ইতিবাচক শক্তি ও বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে ‘চ্যাম্পিয়ন’র কাজ চলেছে। বিশ্বকাপের আবহকে কেন্দ্র করেই গানটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা ফাতেহি।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে।
‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। সবশেষ ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়ান-এর জন্য প্রস্তুত তো?’ তাঁর এসব পোস্ট ভক্তদের মধ্যেও গানটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়েছে।

বিনোদন ডেস্ক