শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন : শহীদুজ্জামান সেলিম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ শুক্রবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতিসহ)। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করতে ভোট দিচ্ছেন।
ভোট প্রদান শেষে বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও জুম্মার নামাজের পর তা আরও বাড়বে বলে আশা করছি।” শিল্পী সমিতির নেতৃত্ব প্রসঙ্গে তিনি যোগ করেন, “চলচ্চিত্র শিল্প আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে আমাদের এমন এক যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন, যারা শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সংকটাপন্ন শিল্পীদের কল্যাণে বাস্তবধর্মী উদ্যোগ নেবেন।”
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিনোদন ডেস্ক