যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
শোবিজ থেকে খেলার মাঠ সবখানেই যেন বলিউড বাদশা শাহরুখ খান। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’ গ্রুপের অন্যতম মালিক তিনি। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। দেশের বাইরে প্রথমবারের মতো এবার ক্যালিফোর্নিয়ার পোমোনায় নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টেডিয়ামটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়ামের উদ্বোধনের কথা জানিয়েছেন শাহরুখ খান বলেন, ‘যা একসময় শুধুই স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিল। আপনাদের সবাইকে স্বাগত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড, এলএ-তে। এটি শুধু খেলাধুলার জন্য নয়, বিনোদন, পরিবার এবং আজীবনের স্মৃতি তৈরিরও একটি জায়গা। এই যাত্রায় পাশে থাকার জন্য জয় শাহ, আইসিসি ও সাঞ্জোগ গুপ্তাকে বিশেষ ধন্যবাদ। এই মাঠ লস অ্যাঞ্জেলেসের জন্য, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য এবং সমগ্র নাইট রাইডার্স পরিবারের জন্য। বিলিভ ইন পার্পল অ্যান্ড গোল্ড।’
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় এই ভেন্যুটি অলিম্পিক ক্রিকেটের অন্যতম প্রধান মাঠ হিসেবেও ব্যবহৃত হতে পারে। পাশাপাশি এখানে নিয়মিত মেজর লিগ ক্রিকেটের ম্যাচও অনুষ্ঠিত হবে।
শাহরুখের এই উদ্যোগের প্রশংসা করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক ফারাহ খান। মন্তব্যে তিনি লেখেন, ‘এটা শুধু তুমিই করতে পারো।’ অভিনেত্রী শিল্পা শেঠি হাততালির ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।
ক্রিকেটের প্রতি শাহরুখ খানের ভালোবাসা নতুন নয়। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স প্রতিষ্ঠার পর থেকেই তিনি এই দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সহ-মালিক জুহি চাওলা ও জয় মেহতার সঙ্গে মিলে তিনি আইপিএলের অন্যতম সফল ও বিশ্বজুড়ে পরিচিত ক্রিকেট ব্র্যান্ড হিসেবে নাইট রাইডার্সকে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিনোদন ডেস্ক