পারফেক্ট না হওয়া পর্যন্ত আমির বিয়ে করেই যাবে : সালমান
আমির খানের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ঘুরে বেড়াচ্ছে সালমান খানের একটি পুরোনো ভিডিও। বহু বছর আগে মজার ছলে করা একটি মন্তব্যই এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে এসেছিলেন সালমান খান। আলাপচারিতার একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে হাসতে হাসতেই সালমান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। তাই সবকিছু একদম নিখুঁত না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’
মন্তব্যটি শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে। পরে অনুষ্ঠানটির ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আমিরের তৃতীয় বিয়ের পর ভিডিওটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, স্রেফ হাসির ছলে বলা কথাটি যেন আজ বাস্তবতার সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেছে।
সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের ছবি প্রকাশের পর শুভেচ্ছার পাশাপাশি আমিরের ব্যক্তিজীবন নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা।
আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। সেই সংসারের ইতি টানার পর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেতা। শেষ পর্যন্ত তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।
অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের সবচেয়ে আলোচিত অবিবাহিত তারকাদের একজন। ব্যক্তিজীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করেননি তিনি। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে বরাবরের মতো রসিকতাই করেন সালমান। আর সেই কারণেই আমিরকে নিয়ে তাঁর বহু বছর আগের মন্তব্যটি আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

বিনোদন ডেস্ক