ক্যাটরিনাকে ট্রল, সাবেক প্রেমিক সালমানের ক্ষোভ
মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণপতি উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হওয়ার পর তাঁর চেহারা ও প্রসব-পরবর্তী ওজন নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এরই মধ্যে ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রলিং ও বডি-শেমিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন সালমান খান। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তাঁর ‘মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়া’ নিয়ে মন্তব্যের সঙ্গে ক্যাটরিনাকে ঘিরে চলা ট্রলিংয়ের যোগসূত্র টেনেছেন দর্শক ও ভারতীয় সংবাদমাধ্যম।
সালমান বলেন, কাউকে বয়স, ওজন, চেহারা, হাসি কিংবা পেশাগত ব্যর্থতা নিয়ে আক্রমণ করা এখন যেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিক হয়ে গেছে। এমনকি কেউ মা হওয়ার পর তাঁর শরীরের পরিবর্তন নিয়েও মানুষ মন্তব্য করছে—যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নিজের চেহারা ও বয়স নিয়েও ট্রলিংয়ের প্রসঙ্গ তোলেন সালমান। এ সময় তিনি নিজের টুপি ও টি-শার্ট খুলে ট্রোলারদের উদ্দেশে বলেন, তাঁর শরীর নিয়ে যা খুশি মন্তব্য করা যেতে পারে। ৬০ বছর বয়সে তাঁর শরীরের পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন অভিনেতা।
শুধু ক্যাটরিনাকে ঘিরে চলা ট্রলিং নয়, নিজের ভাই সোহেল খান ও অভিনেতা বরুণ ধাওয়ানের চেহারা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের সমালোচনা করেন সালমান। একই সঙ্গে অভিনেত্রীদের উদ্দেশ্য করে আপত্তিকরভাবে ছবি তোলা ও সেগুলো ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও পাপারাজ্জিদের কড়া সমালোচনা করেন তিনি।
সালমানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর বক্তব্যকে ক্যাটরিনার পাশে দাঁড়ানো হিসেবে দেখছেন। তবে অভিনেতা নিজে তাঁর বক্তব্যে ক্যাটরিনার নাম নেননি।
একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সালমান ও ক্যাটরিনা। ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’ সিনেমার সময় তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। পরে সম্পর্কে জড়ালেও ২০১০ সালের দিকে তাঁদের বিচ্ছেদ হয়। সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব বজায় রেখেছেন দুজন।
পরবর্তী সময়ে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ ও ‘টাইগার ৩’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ক্যাটরিনা। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার বহু বছর পরও তাঁদের বন্ধুত্ব নিয়ে আলোচনা হয় বলিউডে।
ক্যাটরিনা ও ভিকি কৌশল ২০২৫ সালের নভেম্বরে প্রথম সন্তানের মা-বাবা হন।

বিনোদন ডেস্ক