সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই নির্মাতা।
নির্মাতা অর্পুব রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
অর্পুব রানা বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই পরিচালক এফ আই মানিকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক গণমাধ্যকে বলেন, ‘এফ আই মানিক ভাই আহত হয়েছেন। ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোথাও ভেঙেছে কিনা এক্সরে রিপোর্ট পেলে জানা যাবে।’
প্রসঙ্গত, চলচ্চিত্রজগতে নব্বই দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে পরিচালক এফ আই মানিক একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘চাচ্চু’ ও‘দাদীমা’।

বিনোদন ডেস্ক