লাইভ-অ্যাকশনে ফিরল ‘মোয়ানা’, মুক্তি পেল স্টার সিনেপ্লেক্সেও
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে দর্শকদের সামনে এসেছে। ১০ জুলাই আন্তর্জাতিক মুক্তির পাশাপাশি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পেয়েছে।
২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বজুড়ে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করে। পরে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোয়ানা ২’ আয় করে ১ বিলিয়নের বেশি ডলার। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণ।
টমাস কাইল পরিচালিত সিনেমাটিতে মাউই চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, যিনি অ্যানিমেটেড সংস্করণেও একই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। তাঁর ভাষায়, মাউই শুধু একটি চরিত্র নয়, বরং পলিনেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
অন্যদিকে, ৩২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রধান চরিত্র মোয়ানা হিসেবে নির্বাচিত হয়েছেন নবাগত ক্যাথরিন লাগাইয়া। সিনেমার গল্পে সাহসী কিশোরী মোয়ানা নিজের দ্বীপকে রক্ষা করতে এক রোমাঞ্চকর সমুদ্রযাত্রায় বের হয়। সেখানে তার সঙ্গী হয় শক্তিশালী অর্ধদেবতা মাউই। পরিবার, দায়িত্ববোধ ও আত্ম-অন্বেষণের বার্তা নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

বিনোদন ডেস্ক