‘চালচিত্র’র প্রিকুয়েল সিরিজে চঞ্চল, থাকছেন না অপূর্ব
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক টালিউড প্রজেক্টে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার নতুন খবর, প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’-এর প্রিকুয়েলভিত্তিক সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ ছিল প্রতীম ডি গুপ্তর আলোচিত একটি থ্রিলার। এই সিনেমার মাধ্যমেই টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম হলেও অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
প্রথম কিস্তি মুক্তির পরই নির্মাতা ‘চালচিত্র ২’-এর ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, নতুন কিস্তিটি একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল হিসেবে নির্মিত হবে। অর্থাৎ প্রথম সিনেমার ঘটনার আগে ও পরের সময়—দুই পর্বের গল্পই এতে উঠে আসবে। তবে পরবর্তীতে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে।
নতুন চিত্রনাট্য এখন পুরোপুরি আবর্তিত হয়েছে প্রথম সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, সিরিয়াল কিলার ‘ভুবন’-কে ঘিরে। ফলে এটি আর পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নয়, বরং একটি ওয়েব সিরিজ আকারে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাত্য বসু অভিনীত ‘ভুবন’ চরিত্রটির তরুণ বয়সের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কাহিনিতে তুলে ধরা হবে কীভাবে এক সাধারণ মানুষ ধীরে ধীরে ভয়ংকর সিরিয়াল কিলারে পরিণত হয়। চরিত্রটির অপরাধপ্রবণতার পেছনের মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং অতীতের ঘটনাগুলোই হবে সিরিজের মূল উপজীব্য।
তবে নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি চঞ্চল। তিনি বলেন, ‘গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।’
অন্যদিকে, প্রথম কিস্তির মতো এবারও প্রধান তদন্তকারী কর্মকর্তার চরিত্রে ফিরছেন টোটা রায়চৌধুরী। আরও অভিনয় করছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ অনেকে।
ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চঞ্চল জানিয়েছেন, আগামী এক-দুদিনের মধ্যেই তিনি শুটিং ইউনিটে যোগ দেবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র’-এর এই প্রিকুয়েল সিরিজ।

বিনোদন ডেস্ক