‘দ্য ওডিসি’র ঝড়ের মাঝেই বিরতির ঘোষণা, সিনেমা বানাবেন না নোলান!
বিশ্বখ্যাত হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান-এর নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সদ্য মুক্তি পাওয়া তাঁর মহাকাব্যভিত্তিক সিনেমা ‘দ্য ওডিসি’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি আয় করেছে ২৬৪ মিলিয়ন ডলারের বেশি, যা নোলানের ক্যারিয়ারের অন্যতম সেরা উদ্বোধনী আয়।
তবে এই সাফল্যের মধ্যেই ভক্তদের জন্য এসেছে হতাশার খবর। নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’র মতো বিশাল প্রযোজনার শারীরিক ও মানসিক চাপ কাটিয়ে উঠতে তিনি অন্তত তিন বছর নতুন কোনো সিনেমা পরিচালনা করবেন না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভ্যারাইটি অস্ট্রেলিয়া।
সম্প্রতি মার্কিন টেলিভিশন অনুষ্ঠান টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, “আমি সত্যিই আমার নিজের এবং পুরো টিমের সহনশীলতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম। ‘দ্য ওডিসি’ যদি কঠিন মনে না হয়, তাহলে বুঝতে হবে আমরা কাজটা ঠিকভাবে করছি না।” তিনি আরও জানান, পরবর্তী সিনেমা পরিচালনায় ফিরতে অন্তত তিন বছর সময় লাগবে।
হোমারের অমর মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে নির্মিত এই সিনেমাকে নোলান তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রজেক্টগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। দীর্ঘ সমুদ্রযাত্রা, যুদ্ধ, দানব, ঝড় এবং পৌরাণিক ঘটনাকে বাস্তবসম্মতভাবে পর্দায় তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে শুটিং করেছে পুরো ইউনিট।
‘দ্য ওডিসি’ আরও একটি কারণে ইতিহাস গড়েছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক সিনেমা, যার পুরো শুটিং করা হয়েছে আইম্যাক্স ক্যামেরায়। সাধারণত আইম্যাক্স ক্যামেরার ওজন ও শব্দের কারণে পুরো সিনেমা এই ফরম্যাটে ধারণ করা অত্যন্ত কঠিন। তবে নতুন প্রযুক্তির সহায়তায় সেই চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেছে নোলানের দল।
প্রায় তিন ঘণ্টার এই সিনেমায় রাজা ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর স্ত্রী পেনেলোপের ভূমিকায় রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ছেলে টেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া ও শার্লিজ থেরন।

বিনোদন ডেস্ক