এবার প্রথমবার নারী সঞ্চালকের দায়িত্বে মাধুরী দীক্ষিত
‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই দর্শকের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। দীর্ঘদিন ধরে তার অনবদ্য উপস্থাপনায় জনপ্রিয় এই কুইজ শো। তবে এবার কেবিসির পরিচিত আবহে যোগ হতে যাচ্ছে নতুন চমক। প্রথমবারের মতো কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দি সংস্করণের নতুন মৌসুমে যথারীতি সঞ্চালকের ভূমিকায় থাকছেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সেই মৌসুমের প্রচার-ঝলক। তবে মাধুরীর কেবিসিতে যুক্ত হওয়ার খবরটি হিন্দি সংস্করণকে ঘিরে নয়। তিনি সঞ্চালকের আসনে বসতে যাচ্ছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে।
এর আগে মারাঠি কেবিসির সঞ্চালকের দায়িত্বে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকাদের। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মাধুরী। শুধু তাই নয়, মারাঠি সংস্করণের ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন প্রথম নারী সঞ্চালক।
নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত মাধুরী নিজেও। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন মাধুরী। তিনি জানান, সঞ্চালক হিসেবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া তার ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনাকে ঘিরে তৈরি এই শোর অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন মাধুরী। তার ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মাধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। কারও মতে, দীর্ঘ অভিনয়জীবনের পর সঞ্চালনার দায়িত্ব তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। আবার কেউ মনে করছেন, মাধুরীর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনার সঙ্গে কুইজ শোর পরিবেশ বেশ মানিয়ে যাবে।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার। ফলে প্রিয় তারকাকে একেবারে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মাধুরীকে শুভকামনা জানাচ্ছেন অনুরাগীরা।

বিনোদন ডেস্ক