আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান, জন্মদিনে প্রকাশ করবে লিডিয়ান
আইয়ুব বাচ্চু বাংলা সঙ্গীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনোই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত্ব দিয়েছেন তিনি। মাত্র ৫৬ বছর বয়সে তাঁকে হারিয়েছি আমরা। কিন্তু, সৃষ্টির হাত ধরে অসংখ্য ভক্তদের হৃদয়ের মনিকোঠায় তাঁর স্মৃতি অম্লান হয়ে আছে। তাঁকে অনুসরণ করে সঙ্গীত জীবনের যাত্রা শুরু করেছিলেন এই প্রজন্মের বহু শিল্পী। তাদেরই একজন উদীয়মান তরুণ শিল্পী রাজেশ মজুমদার।
‘লিডিয়ান’ নামে তার ব্যান্ড সেই ভাবধারায় নিজেদের গান পরিবেশন করে চলেছে প্রায় এক দশক ধরে। সেই ধারাবাহিকতায় আইয়ুব বাচ্চু'কে উৎসর্গ করে লিডিয়ান ব্যান্ড সৃষ্টি করেছে ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের একটি মৌলিক গান, যার কথা লিখেছেন লিডিয়ান ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়। গানটির সুর, কম্পোজিশান ও কন্ঠ দিয়েছেন রাজেশ মজুমদার নিজেই।
ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদারের সঙ্গে আছেন লিডিয়ান ব্যান্ডের সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কী-বোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান ও ড্রামার তাপস মজুমদার।
এই গানটির প্রসঙ্গে একান্ত আলোচনায় রাজেশ মজুমদার জানিয়েছেন, ‘বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তাঁর জন্মদিন উপলক্ষে উৎসর্গ করতে চাই। তাঁর অসংখ্য জনপ্রিয় কিছু গানের শিরোনাম ও কথামালা নিয়ে গানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই তাঁর মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন আমাকে। তাঁর সেই রেখে যাওয়া স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে। গানটি আগামী ১৬ আগস্ট বাচ্চু ভাইয়ের জন্মদিনে লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল পেইজ থেকে প্রচারিত হবে। সৃষ্টির সাথে থাকুন, সুন্দরের সাথে থাকুন। শ্রোতাদের অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।’

বিনোদন ডেস্ক