নানা পাটেকরের মৃত্যুতে শোকস্তব্ধ নরেন্দ্র মোদি
পর্দায় তাঁর কণ্ঠস্বরই তৈরি করত আলাদা এক আবহ। তীক্ষ্ণ দৃষ্টি, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি আর অভিনয়ের তীব্রতায় প্রায় পাঁচ দশক ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকর। সেই বর্ষীয়ান অভিনেতা আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
হিন্দি ও মারাঠি সিনেমায় প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে একের পর এক মনে রাখার মতো চরিত্র উপহার দিয়েছেন নানা পাটেকর। ‘ক্রান্তিবীর’, ‘পরিন্দা’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় তার অভিনয় আজও দর্শকের মনে উজ্জ্বল। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নানা পাটেকরের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত অভিনেতার অভিনয় প্রতিভা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কথায়, নানা পাটেকরের মতো তীব্রতা, নিজস্বতা এবং অনন্য উপস্থিতি খুব কম অভিনেতার মধ্যেই দেখা গিয়েছে।
প্রধানমন্ত্রী আরও লেখেন, প্রতিটি চরিত্রে নানা পাটেকর তার অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখে গিয়েছেন। তার অভিনীত বহু চরিত্র আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে। অভিনয়ের পাশাপাশি নিজের বিশ্বাস ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করার জন্যও নানা পাটেকরকে শ্রদ্ধা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শোকবার্তায়।
হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে যে গভীর শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে। প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন মোদি।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নানা পাটেকর ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছপ্পান’ ও ‘যশবন্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ২০০০–এর দশকের শুরুর দিকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তক ছপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) সিনেমায় অভিনয়ের জন্য পাটেকর দারুণ প্রশংসিত হন। এ ছাড়া কমেডি ঘরানার ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫) সিনেমায় গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।
এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদন ডেস্ক