মনির খানের কণ্ঠে আসছে আবেগঘন গান ‘মা’
মা ও সন্তানের হৃদয়ছোঁয়া সম্পর্কের গল্প নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মনির খান। ‘মা’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
অসুস্থ সন্তানকে ঘিরে মায়ের আবেগ এবং ধর্মীয় অনুভূতিকে উপজীব্য করে গানটি তৈরি করা হয়েছে। গানের গল্পে মরণব্যাধিতে আক্রান্ত এক ছেলে মৃত্যুর আগে মায়ের কাছে তার শেষ ইচ্ছার কথা জানায়। মায়ের সামনে বসে কোরআন পড়তে চায় সে। মা ও অসুস্থ সন্তানকে কেন্দ্র করে এগিয়েছে গানটির আবেগঘন কাহিনি।
গানটির গীতিকার ও সুরকার এইচ এম নিপু বলেন, শফি মণ্ডলের ‘মরণের ফাইল’, চিশতি বাউলের ‘ও দয়াল’ এবং সুকুমার বাউলের ‘মানবদেহ’ গানের পর এবার মনির খানের কণ্ঠে তৈরি করেছেন ‘মা’।
এইচ এম নিপুর ভাষ্য, মায়ের অনুভূতি ও ধর্মীয় অনুভূতি—এই দুটি বিষয় গানটিকে আরও করুণ ও মর্মস্পর্শী করে তুলেছে।
গানটি নিয়ে মনির খান বলেন, “এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ গানটি করলাম। এটা শুধু গান নয়, মা ও সন্তানের হৃদয় নিংড়ানো আবেগ থেকে উঠে এসেছে। আশা করছি, গানটি শ্রোতাদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে। হৃদয় ও মনকে সিক্ত করে তুলবে।”
‘মা’ গানটির পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। রেজা মাহমুদের পরিচালনায় নির্মিত ভিডিওচিত্রটিতে অভিনয় করেছেন শিশির, তাইফ, স্বপ্না, ফাল্গুনীসহ অনেকে।
গানটি শিগগিরই ইউটিউবের ‘চ্যানেল এইচ এম’-এ প্রকাশিত হবে।

বিনোদন ডেস্ক