দিদিকে ছেড়ে দাদার দলে যোগ দিচ্ছেন দেব?
টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই তারকা।
২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয় পান দেব। এরপর ২০১৯ ও ২০২৪ সালেও ঘাটাল কেন্দ্র থেকে জয় ধরে রাখেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখের বেশি ভোটের ব্যবধানে হারান দেব।
তবে এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে দেব কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এমন প্রশ্নই ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি দেবের বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই মুহূর্তের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেতা।
ছবিগুলো পোস্ট করে দেব লিখেছেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’
দেবের এই পোস্টের পরই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি এবার ‘দিদি’র দল ছেড়ে ‘দাদা’র দলে যোগ দিতে চলেছেন দেব?
তবে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার বা বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে দেবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে দলবদলের বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই রয়েছে।

বিনোদন ডেস্ক