‘আপন’ হতে চেয়েও পর তৌসিফ!
মায়ের ভালোবাসা ও মমতার জন্য একজন সন্তান কতটা ত্যাগ স্বীকার করতে পারেন? শৈশব থেকে মায়ের স্নেহ না পাওয়ার কষ্ট কীভাবে একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে? এমনই এক আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। নাটকটিতে রিফাত চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন তৌসিফ মাহবুব।
নাটকের গল্পে রিফাত ছোটবেলা থেকেই মাতৃস্নেহের অভাবে বড় হয়। সৎমায়ের কাছ থেকে আপন সন্তানের মতো ভালোবাসা ও আদর পাওয়ার আকাঙ্ক্ষা তার মনে ধীরে ধীরে আরও গভীর হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই অপূর্ণতা তাকে মানসিকভাবে নিঃস্ব করে তোলে।
একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে বড় ধরনের ত্যাগের সিদ্ধান্ত নেয় রিফাত। তার সেই আত্মত্যাগের মধ্য দিয়ে উঠে আসে মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, পারিবারিক সম্পর্কের টানাপড়েন এবং বাস্তব জীবনের নানা কঠিন সত্য।
নাটকটিতে রিফাতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন পর তাকে পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।
মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে প্রথমবার তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন সাদনিমা বিনতে নোমান। নতুন এই জুটিও দর্শকের প্রশংসা পাচ্ছে।
‘আপন পর’-এ ব্যবহৃত হয়েছে ‘আদরে আস্তিন’ গানটি। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।

বিনোদন ডেস্ক