ভালোবাসার মানুষটির সমান হতে নিজের পা হারাতে চায় রতন
ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনের বয়স বেড়েছে, বদলেছে জীবনযাপনের ধরন। শিউলি এখন শিউলি ফুল বিক্রি করে সংসার চালায়। অন্যদিকে রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে। অভাবের এই জীবনের মধ্যেও শিউলির প্রতি ভালোবাসা একটুও কমেনি রতনের।
তবে শিউলির জীবনে রয়েছে এক গভীর ক্ষত। ছোটবেলায় অসুস্থতার কারণে একটি পা হারিয়েছে সে। এরপর থেকেই এক পায়ে ভর করে জীবন চালিয়ে যাচ্ছে শিউলি। নিজের শারীরিক অবস্থার কারণে রতনের সঙ্গে সম্পর্ক নিয়েও তার মনে তৈরি হয়েছে একধরনের হীনম্মন্যতা।
শিউলির ধারণা, রতনের সঙ্গে তার এই শারীরিক পার্থক্য কখনোই তাদের ‘সমান সমান’ হতে দেবে না। এদিকে মেয়ের বিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে শিউলির মা। সবকিছু জেনেও এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হয়। এমনকি ঠিক হয়ে যায় বিয়ের দিনও।
পরিস্থিতি যখন শিউলিকে রতনের কাছ থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে, তখন তাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে রতন। কিন্তু ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে সে যে সিদ্ধান্ত নেয়, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
শিউলির মতো ‘সমান’ হতে নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে রতন। ভালোবাসার মানুষটির শারীরিক অবস্থাকে নিজের সঙ্গে এক করে দেখার এই অদ্ভুত আকাঙ্ক্ষাই গল্পে তৈরি করে আবেগঘন টানাপোড়েন।
এমনই এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন। সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রথমে প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।
সম্প্রতি নাটকটি ইউটিউবেও প্রকাশ পেয়েছে। ভিউয়ের সংখ্যা খুব বেশি না হলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘সমান সমান’।
নাটকটি দেখে এক দর্শক মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউস আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে।’ অন্য একজনের মন্তব্য, ‘খুব সুন্দর একটি কাজ।’
শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক