প্রদ্যুম্ন, দয়া ও অভিজিৎ একসাথে ফিরছেন, তবে...
ভারতের জনপ্রিয় ক্রাইম শো ‘সিআইডি’র দর্শকদের জন্য সুখবর। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা যাবে শিবাজি সাতাম, দয়ানন্দ শেঠি ও আদিত্য শ্রীবাস্তবকে। তবে এবার তারা ফিরছেন না এসিপি প্রদ্যুম্ন, দয়া কিংবা অভিজিৎ চরিত্রে। নতুন গল্প ও ভিন্ন চরিত্র নিয়ে আসছেন নতুন ক্রাইম সিরিজ ‘পাপানাশম’-এ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিরিজটির ঘোষণা দেন দয়ানন্দ শেঠি। একটি ভিডিওতে সিরিজের কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি শুটিং শুরুর খবরও জানান তারা।
ভিডিওর শুরুতেই শিবাজি সাতামকে বলতে শোনা যায়, ‘যে দিনটির জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে! আমরা আমাদের নতুন শোয়ের শুটিং শুরু করেছি ম্যাঙ্গালুরুতে।’
ইতোমধ্যে মঙ্গলুরু ও উডুপির বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাপানাশম’ ক্রাইম ড্রামা হলেও এর গল্প, আবহ ও চরিত্রগুলো ‘সিআইডি’র তুলনায় একেবারেই আলাদা।
শুধু শিবাজি, দয়ানন্দ ও আদিত্যই নন, ‘সিআইডি’র আরও কয়েকজন পরিচিত মুখও থাকছেন নতুন এই সিরিজে। তাদের মধ্যে রয়েছেন ইনস্পেক্টর পূর্বীর চরিত্রে অভিনয় করা অংশা সায়েদ, ইনস্পেক্টর সচিন চরিত্রের ঋষিকেশ পাণ্ডে এবং পঙ্কজ চরিত্রের অজয় নাগরথ।
‘পাপানাশম’ নির্মিত হচ্ছে দয়ানন্দ শেঠির প্রযোজনা সংস্থার ব্যানারে। তবে এখনো সিরিজটি কোন টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রকাশ করা হয়নি মুক্তির তারিখও।
দুই দশকেরও বেশি সময় ধরে ‘সিআইডি’র চরিত্রগুলো দর্শকদের কাছে জনপ্রিয় ছিল। এবার একই অভিনেতাদের সম্পূর্ণ নতুন পরিচয়ে দেখতে পাওয়ার বিষয়টি তাই সিরিজটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। নতুন গল্পে তারা কতটা ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

বিনোদন ডেস্ক