‘দ্য ব্যাডস অব বলিউড ২’ আসছে, শুটিং শুরু মার্চে
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তির পর সাত পর্বের এই সিরিজটি বলিউডের অন্দরমহলকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে আলোচনায় আসে। এবার দ্বিতীয় মৌসুমে ফিরছে সিরিজটি।
ভারতীয় সংবাদমাধ্যমের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘দ্য ব্যাডস অব বলিউড’এর দ্বিতীয় সিজনের শুটিং ২০২৭ সালের মার্চে শুরু হতে পারে। একই সঙ্গে প্রথম মৌসুমের নিয়মিত প্রায় সব অভিনয়শিল্পীই নতুন সিজনে ফিরছেন বলে জানা গেছে। তবে নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সিজন ঘোষণা করেনি।
নতুন মৌসুমে আসমান সিং চরিত্রে লক্ষ্য, কারিশ্মা তালওয়ারের ভূমিকায় সাহের বাম্বা, অজয় তালওয়ার চরিত্রে ববি দেওল, পারভেজের চরিত্রে রাঘব জুয়েল এবং সানিয়া চরিত্রে অনন্যা সিংকে দেখা যেতে পারে। এছাড়া মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও রজত বেদীসহ প্রথম সিজনের অন্য নিয়মিত অভিনেতারাও ফিরবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে আগস্টে সিরিজটির সহ-লেখক বিলাল সিদ্দীকী জানিয়েছিলেন, দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্স ও শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মধ্যে আলোচনা চলছে। তখন অবশ্য তিনি আনুষ্ঠানিকভাবে সিজন ২ নিশ্চিত করেননি।
এদিকে জুনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, দ্বিতীয় সিজনের গল্প নিয়ে কাজ এগিয়ে চলছে এবং নির্মাতারা আগের মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি না করে নতুন গল্প তৈরিতে গুরুত্ব দিচ্ছেন।
প্রথম সিজনে বলিউডে নিজের জায়গা তৈরি করতে চাওয়া আসমান সিংয়ের গল্পের সঙ্গে প্রেম, তারকা-রাজনীতি, ক্ষমতার লড়াই ও পারিবারিক টানাপোড়েন উঠে এসেছিল। শেষ পর্বেও ছিল একাধিক টুইস্ট। ফলে নতুন মৌসুমে গল্প কোন দিকে যায়, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
‘দ্য ব্যাডস অব বলিউড’ ছিল আরিয়ান খানের প্রথম পরিচালনা ও চিত্রনাট্যের কাজ। তিনি বিলাল সিদ্দীকী ও মানব চৌহানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন। গৌরী খানের প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পায় ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর।
তবে দ্বিতীয় সিজনের মুক্তির তারিখ, গল্প এবং নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হচ্ছেন কি না; এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বিনোদন ডেস্ক