শুটিং শুরুর পরই বিতর্কে সৌরভের বায়োপিক ‘দাদা’, কী ঘটল মাঠে?
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘দাদা’। শুরু হয়ে গেছে সিনেমাটির শুটিং। তবে শুটিং শুরু হতে না হতেই মাঠ নিয়ে বিতর্কে জড়িয়েছে সিনেমাটি। যুক্তরাজ্যের লেস্টারশায়ারের বিখ্যাত গ্রেস রোড গ্রাউন্ডে শুটিংয়ের পর মাঠের পিচের বেহাল দশা নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গেছে, লেস্টারশায়ারের গ্রেস রোড গ্রাউন্ডে সম্প্রতি সৌরভের এই বায়োপিকের বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়। তবে বিতর্ক বাঁধায় এর টাইমিং। লেস্টারশায়ারের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার মাত্র ৪ দিন আগে এখানে একটানা শুটিং চালায় সিনেমার টিম। অভিযোগ উঠেছে, শুটিংয়ের সময় দীর্ঘক্ষণ তীব্র গরমের মধ্যেও মাঠ ও পিচ ঢেকে রাখার অনুমতি পাননি গ্রাউন্ডসম্যানরা। এরপর ম্যাচ চলাকালে পিচে দেখা যায় নানা সমস্যা। বল অসমানভাবে বাউন্স করার পাশাপাশি মাঠের বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দেয়। কিন্তু কেন?
এই বিষয়ে গ্রেস রোড মাঠের হেড গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন জানিয়েছিলেন, শুটিংয়ের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল না। সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’র শুটিং চলছিল বলেই তিনি চেয়েও ওই বীভৎস গরমের মধ্যেও পিচ ঢাকতে পারেননি। দীর্ঘক্ষণ খোলা অবস্থায় থাকার কারণে পিচের ওপর বিরূপ প্রভাব পড়ে বলে জানান তিনি। এর ফলেই এই মাঠে পরবর্তীতে খেলতে গিয়ে দেখা যায় বল অসমানভাবে বাউন্স করছে। এই কারণেই লেস্টারশায়ারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়।
এই শুটিংয়ের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের যে ম্যাচ হয়েছিল ওই মাঠে, সেখানে যে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছিল লেস্টারশায়ার সেটা তো বটেই, সঙ্গে অতিরিক্ত ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়। সঙ্গে ৫০০০ ইউরো ফাইন করা হয়।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ডিসিপ্লিনারি কমিটির তরফে জানানো হয়েছে, মাঠের এই বেহাল দশার কারণে কেবল মাত্র শুটিং দায়ী নয়, ক্লাবই মূল দোষী। তবুও কোথাও গিয়ে সিনেমার প্রোডাকশন টিম, অর্গানাইজার, ভেন্যু ম্যানেজমেন্ট টিমের কাজ এবং দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছেই। অনেকের মতেই, যে খেলার উদযাপন করতে এই সিনেমা বানানো হচ্ছে, তারই শুটিং করতে গিয়ে সেই খেলার অপমান করা হলো। বিষয়টা নিয়ে জোর চর্চা এবং আলোচনা চলছে। চলছে বিতর্কও।
প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘দাদা’ সিনেমার অফিসিয়াল পোস্টার। যেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক পোশাক উঁচিয়ে সেলিব্রেশনের দৃশ্যটি রিক্রিয়েট করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওকে। সিনেমাতে সৌরভের নামভূমিকায় রাজকুমার ছাড়াও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। মহারাজের মা-বাবার ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায় ও ভাই স্নেহাশিস গাঙ্গুলীর চরিত্রে রয়েছেন রাহুল দেব বসু। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই নানা আলোচনায় বাজার গরম রাখছে।

বিনোদন ডেস্ক