ঢাকার পর্দায় ফিরল ‘এন্ডগেম’, সঙ্গে স্ট্যাথামের ‘মিউটিনি’
মার্ভেল ভক্তদের জন্য আবারও বড় পর্দায় ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটির বিশেষ সংস্করণ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি।
তবে এবার শুধু পুরোনো সিনেমাটিই দেখানো হচ্ছে না। মূল সংস্করণের সঙ্গে যোগ করা হয়েছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। ফলে ‘এন্ডগেম এনকোর’-এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৮৫ মিনিটে।
আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। নতুন সিনেমাটির গল্পের সঙ্গে দর্শকদের সংযোগ তৈরি করতে মার্ভেল ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি তালিকাও প্রকাশ করেছে। এরই মধ্যে পুরোনো গল্প ঝালিয়ে নিতে বড় পর্দায় ফিরেছে ‘এন্ডগেম’।
২০১৯ সালে মুক্তির পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি বড় অধ্যায়ের সমাপ্তি টেনেছিল। এবার নতুন দৃশ্য যুক্ত করে সিনেমাটিকে আবারও প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হয়েছে।
একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য এসেছে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন সিনেমা ‘মিউটিনি’। জ্যাঁ ফ্রাঁসোয়া রিশে পরিচালিত সিনেমাটিতে স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং ও আরনাস ফেদারাভিচুস।
সিনেমায় কোল রিড চরিত্রে অভিনয় করেছেন স্ট্যাথাম। একসময় নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা ও স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন রিড। পরে বেসরকারি নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করেন। হঠাৎ তার চোখের সামনে তার বসকে হত্যা করা হয়। এরপর সেই হত্যার দায় চাপানো হয় রিডের ওপর।
নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে শুরু হয় তার অভিযান। একপর্যায়ে একটি কার্গো জাহাজে উঠে পড়েন রিড। সমুদ্রের মাঝখানে শুরু হয় বন্দুকযুদ্ধ, মারামারি ও ধাওয়া। ধীরে ধীরে সে বুঝতে পারে, তার বসের হত্যার পেছনে রয়েছে আরও বড় একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।
জাহাজের সীমিত পরিসর আর সমুদ্রের বিশাল পটভূমিতে সাজানো হয়েছে সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো। একদিকে ভাড়াটে যোদ্ধা ও অপরাধচক্র, অন্যদিকে একা রিড। সব মিলিয়ে স্ট্যাথাম ভক্তদের জন্য এটি আরেকটি অ্যাকশননির্ভর আয়োজন।

বিনোদন ডেস্ক